Monday, April 30, 2007

প্রিন্টার্স লাইন

স্বত্ব: অরণি হাসান।
প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ২০০৫.
প্রকাশক: জনান্তিক, ৫০, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
প্রচ্ছদ : নঈম তারিক।
মূল্য: ৪৫ টাকা।

Khalikaprashad-e Gele Ami Ja Ja Dekte Pabo – a book of poems by Imrul Hassan and published by Janantik.

Price: 45.00 Taka only

email: imrulhasan76@yahoo.com

উৎসর্গপত্র

দয়াপ্রাপ্ত তারাই, যারা জানে বস্তুর কারণসমুহ

সূচিক্রম

সূচিক্রম


প্রভুর শূন্য রাজ্যে ৭ ঋতুচিহ্নগুলি ৮ প্রতিকল্প ১১ হাঙরের নিরব দাঁতের নিচে ১২ মনেশ্বর রোডে ১৪ আমার আছে দু’টি বিড়াল১৫ কয়েকটি গান ১৬ চিরপিপাসিত জগতের বাসনা ১৯ সৃষ্টিতত্ত্ব ২০ তোমার শহরে ২১ অন্য যে কোন একটি মেয়ে’র গল্প ২৪ রাত্রিবেলা ২৫ পরী ও চোর ২৬ রোগের বিবরণ ২৭ ডাক্তার-বন্ধু ২৮ বোতল-বন্দী ২৯ শোক-উচ্ছ্বাস ৩০ মুহূর্তের কবিতা ৩২ জঙ্গলে ৩৪ মৃত্যু-নদী ৩৫ স্তিমিত গানগুলি৩৬ সমাধিস্তম্ভের হাওয়া ৩৮ সুদূরতম পাইন ৪১ দ্বৈতস্বর ৪২ বাতিঘর থেকে ৪৪ তিনটি গান৪৫ প্রতিটা দিনের সকাল৪৬ পুরানো কথা ৪৭ কালিকাপ্রসাদে গেলে আমি যা যা দেখতে পাবো ৪৮.

প্রভুর শূন্য রাজ্যে

প্রভুর শূন্য রাজ্যে

কিছু শর্ত যখন অনিবার্য হয়ে ওঠে হয়তো তখন দার্শনিকতার জন্ম হয়।
শর্তগুলি আত্মগত কিংবা রূপান্তরের কিংবা বিলোপের রূপক; বিষয়ের অভিলাষ প্রতিমূর্তি ও অনান্য সকল।
সবুজ ঘাসের নিস্তব্ধতা
এতসব আর্তি মূর্ত ও বিমূর্তকে আশ্রয় করে একটি বিশুদ্ধতা;
হাতঘড়ি খুলে রেখে তার দিকে তাকিয়ে থাকা Ñ দেখা এবং না-শুনতে পাওয়া সময়ের গতি
সব সময় চমকিত করে,
কোন ভ্রমণচিহ্ন, স্মারকলিপি হয়ে ফিরে আসে, হয় অতীতহীন ও ভবিষ্যতপ্রিয়
তাই তারা ‘অভ্রান্তি’ এই কথা কখনো বলে না।
যা বলা যায় এবং না-বলা, জনপ্রিয় গানের সুর টিভিতে আর পথ চলা মানুষের মুখে
অন্য একটি বাস্তবতায় হানা দিতে উদগ্রীব।
পুরাণগুলি নিঃসঙ্গ, কিন্তু তারা কখনো একা থাকে না, বিস্মৃতি প্রতিবার
তাদের একজন নতুন সঙ্গী উপহার দেয়; তবে আদমের বিবি ছিলেন হাওয়া আর সব
নারী কেবলমাত্র সঙ্গীর অভিপ্রায়।
ইচ্ছা ও সত্যি যেমন অন্তরঙ্গ বন্ধু, অথচ তারা নিজেদের হত্যা করতে উদ্যত থাকে প্রতি মুহূর্তে।
ছায়া আর অস্তিত্ব যেমন একই সাথে দুটোই মূর্ত
বিভাজন কিংবা বিশ্লেষণ তাই অনিবার্য নিয়তি আর সিদ্ধান্তহীনতা এরই অংশরূপ।
ধূসরতা, ধানক্ষেতের ওপর সন্ধ্যা নেমে আসতে থাকলে বর্ণ হয়
ছড়িয়ে পড়ে টিলার ওপর রেলপথ অবধি
সন্ধ্যাট্রেন তার ব্যবচ্ছেদ করে, তারপর অন্য একটি বর্ণ - অন্ধকার; জুড়ে থাকে সব স্বপ্ন;
সমস্বর শাদা হলুদ দালান পালকে নড়ে
ঘন এবং স্বচ্ছ নয় বলে ক্রমশ পতিত, ‘আর আমি... ..’
চিৎকৃতস্বরে স্তম্ভিত হয়, স্বাদুজল ঝর্ণার পাশে রাশি রাশি ফটোগ্রাফ স্থির থাকে পাথরে;
পাথরকে মন্দির বলো, আর হত্যাযজ্ঞ, প্রাণহীন, শুনবে কেউ মর্মন্তুদ আর্তিগুলি,
তাদের নিন্দা করো, সম্প্রদায়ভুক্ত না হলে দূরে ফেলে দিও জঙ্গলে, গভীর পিপাসায়
হয়তো কেউ ক্ষমা করে দেবে, হয়তো পুরানো ঝর্ণার জল আবারও পরিস্রুত হবে।

ঋতুচিহ্নগুলি

ঋতুচিহ্নগুলি

মুহূর্ত এবং স্মৃতিগুলি

রং খুব সহজে বদলায়। আর ঘন হয় নিরবতা। আকাশ। মেঘ। ঘুড়ি উড়া। উজানে বাতাস। ঠোঁট। চোখ। আর আর। দৃষ্টি নয়। কেননা বদলে যায়। ঘর ও বাহির। একটি জানালা।

তুমি বলছিলে, মেঘগুলি। কখনো আমার নয়। হাসি, হাসিগুলি। এর চেয়ে ভালো ডুবে যাওয়া। মৎস্য শিকার। কখনো আমার নয়। তুমি বলছিলে, এইসব শব্দ ও কথারা আমাদের সেতু নয়, আমাদের পরিখা খননের নিজস্ব মন্ত্র আর হু হু কাঁদছিল হঠাৎ পোশাকগুলি, না-বোঝা জড়েরা!

বধির একটি মৃত্যু উন্মোচিত হলে চোখ বুঁজে তার ঘ্রাণ নিয়ে সকাল আলোকিত হয়। তুমি জানো, এইসব কতটা নিকট। আর আমি ভাবি; ভাবনা, সে কি অদ্ভুত ট্রান্সপারেন্সি!


এই শেষ আনন্দ

এই শেষ আনন্দ রেখে দিই আগামী সকালের জন্য।
তখন সময় মৃদুমন্দ হাওয়ার সুরে আর ভালো লাগবে শেষ হওয়া।এ
ই রাত্রি কেবল শুরু, তাই গান মনে করে ঘুমের কাছে প্রকৃত নির্বাসন এই,
মেলে দিই অসংখ্য প্রভাত, কেমন এই শেষ আর আলোময় দিন,
হয়তো প্রতিদিন জেগে ওঠে সময়, তোমার সীমানা ঘিরে, প্রতিটি নতুন চমকিত
হয়ে আছে চোখের গোলকে, জানালায় কত কত শান্তিময় খেলা ফুটে আছে,
তোমার অগোচরে যা পাতারা দেখে, বলে যায় আর তুমি না-শোনা নিজের ভিতর কি এক অদ্ভুত গান শোন
প্রতিদিন এমন জেগে ওঠা তুমি কি কামনা কর, প্রতিদিন এমন সৌরভ, ভাবো না;
ভাবনাহীন ডুবে যেতে যেতে আকাশ দেখো, মেঘগুলিকে বাতাসে নদী; তুমি একবার
এভাবে শুয়ে পড়লে আর ওঠবে না, ভাবো, কী এতো রোমাঞ্চ, সত্য আনাগোনা তোমার ঘরে
বাতি নিভিয়ে চলাফেরা করে, তাদের স্বরে, স্বপ্নে, আমাকে তুমি দেখো, শেষ হওয়া, প্রভাতে।


কথাগুলি
কথাগুলি হলো পাখি, ডানায় আরো কোমল হতে গিয়ে তোমার কাছে তারা
ফিরে এসেছে আবার। বুদ্ধিমতী কথায় কথায় কত গল্প বলে যাবে সারা সময়।
তোমার কাছে যাবো, আকাশে স্বপ্নের মতো। শব্দহীন বৃষ্টিতে অথবা জোছনায়
যেমন ঝরে কবিতাগুলি, নিভৃতে, জবাফুল দেখে, রাশি রাশি কথার মতো
ফুটেছে আজও তারা, এই দৃষ্টিগোচরে তুমি দেখছো, হাসিতে বিলীন, ডুবে যাওয়া।


হৃদয় আমাকে

হৃদয় আমাকে কাঁদায়, তোমার শহর ছেড়ে যেতে মনে হয় শৈশবকাল, তোমার উড়ন্ত দিনগুলি।
এতো শান্তি বহুদিন পর আজ, মনে এলো হৃদয়ের কথা, তোমাকে সাথী করে মেঘেদের মতো
দেখেছি ভেসে যেতে যেতে একটি গান তার পথ রুদ্ধ করে আরেকটি গানের, কী কী ভেবে
কণ্ঠে বাষ্প আসে, তোমাকে বলিনি, হৃদয় আমার, তোমার নতমুখ, নিশ্চল ঐ আকাশে, উড়ে গেছে।


তোমাকে বলবো ভেবে

তোমাকে বলবো ভেবে, কত কথা স্মৃতির মতো এই রাতে আকাশে ফুটে আছে।
এই যে এখন তোমাকে মনে পড়ে, না-দেখার মতো বিচ্ছেদগুলি, ম্লান মুখের মতো তোমার
আমি দেখছি; কোন বৃক্ষ নেই এই বেদনায়, রাশি রাশি মেঘের মতো, তোমার বিকেলে আমি
চোখগুলির মতো শান্ত হয়ে আছি; ভাবনায়, তোমাকে এতো কাছে পেয়েছি যেন, বলবার মতো।


মনে হয় বহুদিন পর

মনে হয় বহুদিন পর, জেগে ওঠতে চেয়েছি আজ, চারপাশ বৃত্তের মতো ঘূর্ণায়মান ভেবে
ভয় হয়, ক্লান্তির কতো কি, ঘুমের মতো তবু ভয় হয়, মৃত্যুর মতো আনন্দ হয় অথবা
না-জানা কেবলই ইচ্ছে হয় চুপচাপ বসে থাকবার; বহুদিন পর তোমাকে কেমন দেখায়
দেখবার মতো করে এতসব সময় এসেছে আর যাচ্ছে চলে, কোনদিন হয়তো তা-ই রয়ে যাবে
ফুল আর চাঁদ, বৃক্ষের স্বাভাবিক ফল, ঋতুনির্ভর সবকিছুতে, হয়তো পরিবর্তন এসে যাবে।


উৎসব

সবকিছু হারিয়ে যাচ্ছে সংঘবদ্ধতায়। একা ঘুড়ির ক্লান্ত পথে চক্রাকার। ভেসে ভেসে প্রাসাদ এলো তার, দীর্ঘ চূড়া। বিকেলে সবার একই গান হয়। ডুবে যাওয়া সূর্যে হয়তো সমান স্তব্ধতা, যেমন এই চূড়া আর হঠাৎ-ই কাকের মতো দেখা দূরে নব-দম্পতি। এই কথা আর বলবো না। পাখি, তোমার ডানা মুড়ে মেঘ দেখ আজ; নিচে, মাটিতে মানুষগুলি। গলিতে অনেকগুলি ভেড়া, তাদের পর্যটন অবশেষে এই মৃত বন্দরে। আকাশে বিমান, অনেকক্ষণ, দৃষ্টিসীমায়। দৃশ্য।

সম্ভাবনা পথ খুলে হেঁটে গেছে। দু’পাশে দীর্ঘ গাছ। আশপাশ ভরে আছে চেনা ও অচেনা। নরোম ঢেউয়ে বাতাস যে নদী তার পাল তোলা বাণিজ্যের নৌকা কত কী নিয়ে চলে যায়, আসে। চলাচলও হতে পারে গভীর মৌনতা। কিছুই ভাঙছে না। শুশুকের মতো ভেসে ওঠা মাঝিদের নিস্পৃহতায় যাচ্ছে এড়িয়ে ক্রমশ। দিগন্ত ক্রমেই ঝাপসা। এখন আর বাতি-জ্বলা ত্রস্ততায় কেঁপে কেঁপে ওঠবে না তুমি।

ঘরগুলি বিন্দুর মতো ফুটে কখনও। রাত-বিরাতে আকাশে তারাগুলি; মাঠের ওপর, রেলপথ জুড়ে অন্ধকার, গাছ, হিবিজিবি...আজকেই মনে আর কোনদিন না। অথবা কে জানে হয়তো এমন বাদুড়ের পাখা ঝাপটানি, পেঁচার স্পষ্ট চোখে জমে আছে অনেক নিদ্রা। আর এই ভেবে ভেবে সবকিছু যাবে, যাচ্ছে; হারিয়ে।

‘একদিন আমিও মরে যাবো’ - এই সত্যে তবু আমারও বিশ্বাস নেই। তোমার জানালায় উঁকি দিয়ে পাতাগুলি তোমাকে দেখছে। তুমি আজ ভীষণ হাসছো; হাসতে হাসতে একেবারে চাঁদের মতো, লুকাতেই পারছো না। এই আনন্দ, কতদিন পর!


ঘুম
ঘুম মানে ক্লান্তিঘর। সেখানে আমরা আসবাব সাজাই এসো।

ঘুম আজ ক্লান্তির ঘর, মনোরম পথের ওপর, দীর্ঘ বৃক্ষের ছায়া, কাছে টানে আর হাসে, বলে
‘এইসব কবিতা আর কোনদিন লিখবে না, ক্লান্ত;’ শুয়ে শুয়ে আলোকের খেলা দেখি
ভালো লাগে নরোম শান্তির দিন; অপারগতা, ফিরে পাবার মতো বারবার হাসি-মৃত্যু;
তোমার কাহিনীগুলি যদি হতো এর ব্যতিক্রম, তোমাকে নিয়ে ঘুম যেতো প্রতিদিন;
ঘুমের দেশের বৃক্ষেরা বলেছে , আমাকে কথা, তোমার নাম নিয়ে তারাও ভেসে গেছে,
বারবার এইসব প্রতিধ্বনি আমি বলতে চেয়েছি তোমাকে, তোমার শহর ঘিরেই ঘুমের প্রতিপত্তি
তুমি শুনে গেছো, অথবা না-শোনেই আমাকে দেখেছো, দণ্ডায়মান বৃক্ষটির মতো।


ফিরে এসো

ফিরে এসো রাজহাঁস, সমাপ্তি-দিন
ঝুল-বৃক্ষ, ধূলি-মাঠ, রৌদ্র
জানালায় বসন্ত-আলো
গ্লানিময় চোখ, ফিরে এসো

সমস্ত সকাল যেন শান্ত
ধীর বরফের মতো নদীটি
তার এক তীর

বিভ্রম, কালো মেঘ, ফিরে এসো
সবুজ-গন্ধ, করুণ প্রত্যালীঢ়

Sunday, April 15, 2007

প্রতিকল্প

প্রতিকল্প

কেমন প্রতিকল্প তুমি, আকাশেও আছো
বাতাসে বাক্সটি ভাসে
দূরে, দরজা বন্ধ হয়ে গেলো, তরুণী মেয়েটি চলে যায়।
লাল আলোটির গান আরও ঘনিষ্ঠ; পোশাকের ছায়া;

আরও আছে বিভিন্ন বাতি, নগর-আইল্যান্ড।
দেখো, মেয়েটির ঘরেও একটি বাতি,
নিভে গেলো,
ঘুম,
বাতাসে গড়িয়ে গড়িয়ে অনেক নিচুতে...

সুদূরের ব্যালকনি, বৃষ্টিতে বিলীন
ধূসর, একটি অন্ধকারে
আকাশে কেমন প্রতিকল্প তোমার।

হাঙরের নিরব দাঁতের নিচে

হাঙরের নিরব দাঁতের নিচে


স্থিরতা, গতিময় সকালের ভীড়ে

স্থিরতা, গতিময় সকালের ভীড়ে বিগত রাত্রির মেঘেরা উধাও
প্রকৃতির বর্ণনা আরো মুহ্যমান করে, তাও হয়তো হারিয়ে যাবে
শূন্য রাস্তার দুপুর, অবসন্ন রিকশা, টুং টাং, এসব কিছুই আর দেখবো না;
মুহূর্তের কাছে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে বলবো ‘এই যে ফাঁপা যুবক, তার অনিত্যই রইলো
অগাধ ভবিষ্যত দিনে, হাওয়া দেবে স্বস্তি, যারা সৃষ্টি ও সহায়
ধীরে ধীরে নিজেদের হারিয়ে ভেসে যাবে দূরলোকে;
দিগি¦দিক ছুটে ছুটে একদিন উধাও, একদিনই এতসব কিছু শেষ হয়ে যাবে’
ছাই রংয়ের আকাশ, মসজিদের পাশ ঘেঁেষ রাস্তা, আমি ভেবেছিলাম
দিন, যেন তারা আবারও শুরু হয়, একটা চলে যাওয়া দিন, শীত ঋতুর,
শহরে ছুটির দিনে, ব্যস্ততাহীন পথ, দু’টি কিশোরী মেয়ে হেঁটে বেড়াচ্ছে
ফিরে যাচ্ছে আলোগুলি সন্ধ্যার ভিতর, অতিকায় ক্লান্ত দিন ... ...


অন্ধকার একটি ঘরে

অন্ধকার একটি ঘরে, বেড়ালের ছোপ ছোপ আলো;
জানালার ফাঁক দিয়ে দেখা - মলিন চাঁদ নদীর ওপর
তার বিকিরণ সরে সরে যাচ্ছে

মুহূর্তগুলি একা, একে অপরের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে
নির্মাণ করলো আমাকে - ক্ষীণ, হতাশ্বাস, দুর্যোগময়;
অন্ধকার ঘরেই আবার ঘুমিয়ে যাবো, তবু এই যে তারা - অপরিবর্তিত
চাঁদ ও আলো, গড়িয়ে গড়িয়ে চলে যাওয়া মুহূর্তগুলো
তারাও নিঃস্ব, চলে যেতে গিয়ে
উদ্বেল হয়েছে, হঠাৎ-ই মাঝরাতে, ক্রুর জীবনের দীক্ষায়
প্রদীপ্ত হয়ে, আবারও বললো, ‘যুদ্ধহীনকে কেন দাও পরাজয়?’
তাদের বয়ে চলা মনোরম; ভেসে ভেসে
অক্ষম ও অপরিবর্তিত, বন্ধন-প্রিয়, মূঢ়


দিব্যোন্মাদ হাওয়া

দিব্যোন্মাদ হাওয়া, কেন আজ ভাসিয়ে নিলো না আমাকেও;
তার অতল চোখের দৃষ্টির ভিতর লুকানো ছিলো না যখন এই বিকেল
কেবলই বৃষ্টিপাত, অবিশ্রান্ত ঝড়ের ভিতর কম্পন; নিজেকে ছাড়িয়ে গিয়ে বিশ্লিষ্ট পড়ে থাকাউ
দ্যানের পাতাগুলি, ভেজা মাটির কাছে শুয়ে পড়ে, নিভে গেছে;
সন্ধ্যার বাতিগুলি জ্বললো শহরে, কেবল অনালোকিত গাছের ছায়ায়
নিজেকেও কুড়িয়ে পেলাম না; অন্ধকার, ডুবে যাওয়া আলোর উদ্যানে
হাসছে কত মানুষ; রাস্তায়, ফুটপাতে, একে অন্যের সাথে কথা বলে
পরস্পর বিস্মিত হয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, আলোর বিকিরণে তারা, মাছের শরীর
পেলব ও গন্ধবহুল, নিজেদের ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে ... ...
দিব্যোন্মাদ হাওয়া, তারা নিলো না আমাকে

দূরবর্তী আর বিচ্ছিন্ন দ্বীপ

দূরবর্তী আর বিচ্ছিন্ন দ্বীপ হয়ে পড়ে রইলাম আমরা দুইজন
নিঃসহায়, জেগে থেকে থেকে জলের ভিতর, ক্লান্ত, কেবলই জেগে থাকা
লতা-গুল্মের আভাস, বালির তপ্ত মসৃণতায়, আরো দূরবর্তী হয়ে রইলাম
অস্তিত্ব, সে তো সময়েরই এতো ভয়ংকর বিচ্ছুরণ, মুহূর্তে পাল্টায় আর দূরে যেতে যেতে
ঝুলে থাকলো, পড়ে রইলো জলের ওপর, বিচ্ছিন্ন দ্বীপ, আমরা দুইজন

জানালার আড়ালে
জানালার আড়ালে বসে দেখা যায় না স্মৃতি, কলকল হাসছে
রোদ-কণা উজ্জ্বল হতে হতে জাগিয়ে রাখলো বিকেল
কেউ আর পদধ্বনি ব্যতীত ঘরে ঢুকবে না; পড়ে রইলো স্থির পাতা
প্রতিমূর্তি, ছড়িয়ে ছড়িয়ে যাওয়া গুঞ্জন, দূরত্বের

মেলা থেকে ফিরে এসে ডুগডুগি বাজিয়ে যাচ্ছে ছোট্ট ছেলে
আড়ালে বসে থেকে তাকেও দেখবো না; সব উচ্ছ্বাস নিয়ে
পরিণতি মেনে বসে রইলাম; আরেকটা ছোট্ট ছেলে এলো
টেনিস বল হাতে তার খেলা, বয়ে যাওয়া ম্লান আলোর ভিতর

আড়ালের সস্নিগ্ধ চিঠি - মুহ্যমান প্রার্থনার ধ্বনি কেবল
ডুবতে ডুবতে অতলে ক্রমশ জলের ওপর বুদ্বুদ ভাসিয়ে দেয়া

মনেশ্বর রোডে

মনেশ্বর রোডে
মনেশ্বর রোডে একদিন পলিটিকস হয়েছিল খুব, সকাল দশটায়; আমরা ক’জন
পড়িমড়ি করে ঘুম থেকে ওঠেই, হাত-মুখ ধোয়া, গোসল-নাশতা; তারপর রিকশা নিয়ে ছুটছি
ভাবতে-না-চাওয়ার নৈরাশ্য থেকে এই ভ্রমণ, ট্যানারির পাশ দিয়ে ময়লা ড্রেন আর দুর্গন্ধের
সকালবেলায় উপলদ্ধি আসতে থাকলো ক্রমশ, মোজাইক করা মেঝের দিকে তাকিয়ে বসে থাকা
সোফাতে গাদাগাদি, কিছুক্ষণ পর টিভিতে পাক-ভারত ম্যাচ দেখলো আমি হারিয়ে যাচ্ছি বক্তব্য,
কর্মসূচী ও উত্তরণের ভিতর, মিড উইকেট দিয়ে চার হয়ে গেলো, তারপর উঠে দাঁড়ানো, হ্যান্ডশেক
আরো কি কি ভাবে অদৃশ্য হয়ে যেতে পারতাম আমি ক্ষণকালের প্রতারণার মুহূর্তগুলিতে
যেখানে দর্শক বা সর্মথক কিছুই আমি ছিলাম না তবু অস্পষ্ট ও ঘন বিন্দুগুলির মধ্যে দীর্ঘায়িত
আমারই ছায়া; নিশপিশ করতে করতে একসময় বেরিয়ে আসতে থাকলাম সকালবেলা পেরিয়ে
পলিটিক্স কাতরতায় মশগুল বন্ধুদের সাথে, মনেশ্বর রোড থেকে

আমার আছে দু’টি বিড়াল

আমার আছে দু’টি বিড়াল

আমার আছে দু’টি বিড়াল
তাদের গান আর নাচ
কত যে মোহনীয়; আলোর ভিতর
অদ্ভুত সব স্বর।
তারা বলে, এইখানে
আমিও জ্যান্ত আছি
আর সুরের খেয়ালে
তারাও যেন মানুষ, কেবল দেখতে চায়

চোখ তাদের আমাকে দেখায়।

কয়েকটি গান

কয়েকটি গান

#
বাতাসের মতো এই গান

দিগন্ত ছুঁয়ে উড়ে আসে
তোমার ডানার কাছে নিদ্রা পাবো বলে

কেমন অভিলাষী মেঘভেসে যাচ্ছে আজ
যদি দেখতে পেতে!

সন্ধ্যার মতো চোখগুলি তোমার
আকাশ দেখছে

ঐ টিলা দূরে
তোমার সামনে আবছা আলো
কেবলি বিস্ময়

রাত ও দিন
এই কাহিনী
উৎসবের মতো জগতময়

#

কবিতা লেখা যায় মাঝে মাঝে, অনিচ্ছায়

তোমাকে বলে রেখেছি যে হৃদয়
তাও ভেসে যায়

ভাসমান আমার থেকে এই চিৎকার
শ্রবণসীমা অবধি
ছড়িয়েছে ঝড়

আর হেঁটে যাওয়া বিন্দুনির্ভর
কী মসৃণ!

#
তোমার নিঃস্ব দিনে
শেষ হয় পৃথিবীর গান

আর যে অনিন্দ্যসুন্দর
বাঁঁঁ হাতে লিখে যাচ্ছে তার
ভবিষ্যত দিনলিপি

তুমি জিজ্ঞেস করবে না তাদের মতো
এসবের কি মানে

আমি দেখবো তোমার নিদ্রা যায়
কোনপথে, হারিয়ে

#
তোমাকে দেখতে পাওয়া পথে
বহুদূর পরিচিতের মতো

হাসি হাসি ছড়িয়েছে মেঘ
ক্লান্ত শ্বাসের খেলা এই হৃদয়

কত আনন্দের নির্জন বার্তা

জেনেছিলে,
আজ দগ্ধ, চিনতে-না-পারা

#
যুদ্ধের পর
বধির হলে মানুষ
এই সংগীত হবে

এখন মেঘেদের স্বপ্নে আকাশ দেখ
নীল বুটিদার চাঁদ নেই পথে
বিশাল শূন্যতায়
এই গান শুনেছিলে

জন্ম কি আজ পুনর্বার হবে?

Thursday, April 5, 2007

চিরপিপাসিত জগতের বাসনা

চিরপিপাসিত জগতের বাসনা

বৃষ্টির পর চাঁদ, রাতের গানে ওঠেছে জেগে;
ভেজা পাতাগুলি তার আলোয় ঝিকিমিকি নদী;
স্থিরতা কন্ঠস্বর, মৃত্যু-পাগল; পুরাতন আর পরিবর্তন
আবহাওয়ায় ভেসে চলেছে
উজ্জ্বল রাত, আকাশে উড়ন্ত মেঘ, স্থিরচিত্র বধিরের


আরো আলোকিত জোছনায়, প্রান্তরের হাওয়া
এই মধ্যরাতে বলছে, আজ সে অনেক দূরে;
তার অবয়ব মেঘেরা কসরত করে আর ব্যর্থতায় কেঁদে কেঁদে ওঠে
গাছগুলি দেখছে, তার স্বপ্ন স্থির তারকার নিকট, অনিদ্র
ফুলেরা জাগছে এখন, মেঘেরা জাগছে এখন, তার ভালবাসা নিশ্চুপ স্বপ্নের ভিতর।

সৃষ্টিতত্ত্ব

সৃষ্টিতত্ত্ব

অন্ধকার ডুবে গেছেআলোর জলের নিচে গুচ্ছ গুচ্ছ অন্ধকার
কোন সে সুদূর দেশের রাণী পৃথিবীতে এসে তার পথ হারিয়ে
বলেছিলো ‘এদেশ কি আমার?’

পৃথিবী - বিবাগী দেশের মতোন।