Monday, April 30, 2007

প্রভুর শূন্য রাজ্যে

প্রভুর শূন্য রাজ্যে

কিছু শর্ত যখন অনিবার্য হয়ে ওঠে হয়তো তখন দার্শনিকতার জন্ম হয়।
শর্তগুলি আত্মগত কিংবা রূপান্তরের কিংবা বিলোপের রূপক; বিষয়ের অভিলাষ প্রতিমূর্তি ও অনান্য সকল।
সবুজ ঘাসের নিস্তব্ধতা
এতসব আর্তি মূর্ত ও বিমূর্তকে আশ্রয় করে একটি বিশুদ্ধতা;
হাতঘড়ি খুলে রেখে তার দিকে তাকিয়ে থাকা Ñ দেখা এবং না-শুনতে পাওয়া সময়ের গতি
সব সময় চমকিত করে,
কোন ভ্রমণচিহ্ন, স্মারকলিপি হয়ে ফিরে আসে, হয় অতীতহীন ও ভবিষ্যতপ্রিয়
তাই তারা ‘অভ্রান্তি’ এই কথা কখনো বলে না।
যা বলা যায় এবং না-বলা, জনপ্রিয় গানের সুর টিভিতে আর পথ চলা মানুষের মুখে
অন্য একটি বাস্তবতায় হানা দিতে উদগ্রীব।
পুরাণগুলি নিঃসঙ্গ, কিন্তু তারা কখনো একা থাকে না, বিস্মৃতি প্রতিবার
তাদের একজন নতুন সঙ্গী উপহার দেয়; তবে আদমের বিবি ছিলেন হাওয়া আর সব
নারী কেবলমাত্র সঙ্গীর অভিপ্রায়।
ইচ্ছা ও সত্যি যেমন অন্তরঙ্গ বন্ধু, অথচ তারা নিজেদের হত্যা করতে উদ্যত থাকে প্রতি মুহূর্তে।
ছায়া আর অস্তিত্ব যেমন একই সাথে দুটোই মূর্ত
বিভাজন কিংবা বিশ্লেষণ তাই অনিবার্য নিয়তি আর সিদ্ধান্তহীনতা এরই অংশরূপ।
ধূসরতা, ধানক্ষেতের ওপর সন্ধ্যা নেমে আসতে থাকলে বর্ণ হয়
ছড়িয়ে পড়ে টিলার ওপর রেলপথ অবধি
সন্ধ্যাট্রেন তার ব্যবচ্ছেদ করে, তারপর অন্য একটি বর্ণ - অন্ধকার; জুড়ে থাকে সব স্বপ্ন;
সমস্বর শাদা হলুদ দালান পালকে নড়ে
ঘন এবং স্বচ্ছ নয় বলে ক্রমশ পতিত, ‘আর আমি... ..’
চিৎকৃতস্বরে স্তম্ভিত হয়, স্বাদুজল ঝর্ণার পাশে রাশি রাশি ফটোগ্রাফ স্থির থাকে পাথরে;
পাথরকে মন্দির বলো, আর হত্যাযজ্ঞ, প্রাণহীন, শুনবে কেউ মর্মন্তুদ আর্তিগুলি,
তাদের নিন্দা করো, সম্প্রদায়ভুক্ত না হলে দূরে ফেলে দিও জঙ্গলে, গভীর পিপাসায়
হয়তো কেউ ক্ষমা করে দেবে, হয়তো পুরানো ঝর্ণার জল আবারও পরিস্রুত হবে।

No comments: