Sunday, April 15, 2007

হাঙরের নিরব দাঁতের নিচে

হাঙরের নিরব দাঁতের নিচে


স্থিরতা, গতিময় সকালের ভীড়ে

স্থিরতা, গতিময় সকালের ভীড়ে বিগত রাত্রির মেঘেরা উধাও
প্রকৃতির বর্ণনা আরো মুহ্যমান করে, তাও হয়তো হারিয়ে যাবে
শূন্য রাস্তার দুপুর, অবসন্ন রিকশা, টুং টাং, এসব কিছুই আর দেখবো না;
মুহূর্তের কাছে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে বলবো ‘এই যে ফাঁপা যুবক, তার অনিত্যই রইলো
অগাধ ভবিষ্যত দিনে, হাওয়া দেবে স্বস্তি, যারা সৃষ্টি ও সহায়
ধীরে ধীরে নিজেদের হারিয়ে ভেসে যাবে দূরলোকে;
দিগি¦দিক ছুটে ছুটে একদিন উধাও, একদিনই এতসব কিছু শেষ হয়ে যাবে’
ছাই রংয়ের আকাশ, মসজিদের পাশ ঘেঁেষ রাস্তা, আমি ভেবেছিলাম
দিন, যেন তারা আবারও শুরু হয়, একটা চলে যাওয়া দিন, শীত ঋতুর,
শহরে ছুটির দিনে, ব্যস্ততাহীন পথ, দু’টি কিশোরী মেয়ে হেঁটে বেড়াচ্ছে
ফিরে যাচ্ছে আলোগুলি সন্ধ্যার ভিতর, অতিকায় ক্লান্ত দিন ... ...


অন্ধকার একটি ঘরে

অন্ধকার একটি ঘরে, বেড়ালের ছোপ ছোপ আলো;
জানালার ফাঁক দিয়ে দেখা - মলিন চাঁদ নদীর ওপর
তার বিকিরণ সরে সরে যাচ্ছে

মুহূর্তগুলি একা, একে অপরের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে
নির্মাণ করলো আমাকে - ক্ষীণ, হতাশ্বাস, দুর্যোগময়;
অন্ধকার ঘরেই আবার ঘুমিয়ে যাবো, তবু এই যে তারা - অপরিবর্তিত
চাঁদ ও আলো, গড়িয়ে গড়িয়ে চলে যাওয়া মুহূর্তগুলো
তারাও নিঃস্ব, চলে যেতে গিয়ে
উদ্বেল হয়েছে, হঠাৎ-ই মাঝরাতে, ক্রুর জীবনের দীক্ষায়
প্রদীপ্ত হয়ে, আবারও বললো, ‘যুদ্ধহীনকে কেন দাও পরাজয়?’
তাদের বয়ে চলা মনোরম; ভেসে ভেসে
অক্ষম ও অপরিবর্তিত, বন্ধন-প্রিয়, মূঢ়


দিব্যোন্মাদ হাওয়া

দিব্যোন্মাদ হাওয়া, কেন আজ ভাসিয়ে নিলো না আমাকেও;
তার অতল চোখের দৃষ্টির ভিতর লুকানো ছিলো না যখন এই বিকেল
কেবলই বৃষ্টিপাত, অবিশ্রান্ত ঝড়ের ভিতর কম্পন; নিজেকে ছাড়িয়ে গিয়ে বিশ্লিষ্ট পড়ে থাকাউ
দ্যানের পাতাগুলি, ভেজা মাটির কাছে শুয়ে পড়ে, নিভে গেছে;
সন্ধ্যার বাতিগুলি জ্বললো শহরে, কেবল অনালোকিত গাছের ছায়ায়
নিজেকেও কুড়িয়ে পেলাম না; অন্ধকার, ডুবে যাওয়া আলোর উদ্যানে
হাসছে কত মানুষ; রাস্তায়, ফুটপাতে, একে অন্যের সাথে কথা বলে
পরস্পর বিস্মিত হয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, আলোর বিকিরণে তারা, মাছের শরীর
পেলব ও গন্ধবহুল, নিজেদের ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে ... ...
দিব্যোন্মাদ হাওয়া, তারা নিলো না আমাকে

দূরবর্তী আর বিচ্ছিন্ন দ্বীপ

দূরবর্তী আর বিচ্ছিন্ন দ্বীপ হয়ে পড়ে রইলাম আমরা দুইজন
নিঃসহায়, জেগে থেকে থেকে জলের ভিতর, ক্লান্ত, কেবলই জেগে থাকা
লতা-গুল্মের আভাস, বালির তপ্ত মসৃণতায়, আরো দূরবর্তী হয়ে রইলাম
অস্তিত্ব, সে তো সময়েরই এতো ভয়ংকর বিচ্ছুরণ, মুহূর্তে পাল্টায় আর দূরে যেতে যেতে
ঝুলে থাকলো, পড়ে রইলো জলের ওপর, বিচ্ছিন্ন দ্বীপ, আমরা দুইজন

জানালার আড়ালে
জানালার আড়ালে বসে দেখা যায় না স্মৃতি, কলকল হাসছে
রোদ-কণা উজ্জ্বল হতে হতে জাগিয়ে রাখলো বিকেল
কেউ আর পদধ্বনি ব্যতীত ঘরে ঢুকবে না; পড়ে রইলো স্থির পাতা
প্রতিমূর্তি, ছড়িয়ে ছড়িয়ে যাওয়া গুঞ্জন, দূরত্বের

মেলা থেকে ফিরে এসে ডুগডুগি বাজিয়ে যাচ্ছে ছোট্ট ছেলে
আড়ালে বসে থেকে তাকেও দেখবো না; সব উচ্ছ্বাস নিয়ে
পরিণতি মেনে বসে রইলাম; আরেকটা ছোট্ট ছেলে এলো
টেনিস বল হাতে তার খেলা, বয়ে যাওয়া ম্লান আলোর ভিতর

আড়ালের সস্নিগ্ধ চিঠি - মুহ্যমান প্রার্থনার ধ্বনি কেবল
ডুবতে ডুবতে অতলে ক্রমশ জলের ওপর বুদ্বুদ ভাসিয়ে দেয়া

No comments: