Sunday, January 21, 2007

বোতল-বন্দী

বোতল-বন্দী

সাগর পাড়ে এসে মনে হল পুরানো দিন। ঢেউ এর জয়গান। মাদকাসক্ত কিশোর ছেলের মাথায় হাত রেখে মা সূর্যাস্ত দেখছে। উত্তাল পবন ভাসাবে এই দৃশ্যও! বালির বুকে স্যান্ডেলের ছাপ রেখে এসো নামি বোতলে। ছিপি অাঁটা ভালো করে; উল্টা করে নিলে চুইয়ে চুইয়ে পানি পড়ে একটু; তীব্র রোদের আঁচ নিয়ে পিঠে টুপ করে নেমে পড়ি তাতে। দেখি, একি ম্যাট্রিক্স দৃশ্য! শ্যাওলা-পড়া পানির ভিতর আমি না পারছি সাঁতরাতে, না পারছি ভেসে যেতে! চিৎপটাং হয়ে শুয়ে প্লাস্টিকের পর্দা দিয়ে পৃথিবী দেখছি, ভাবছি এ কি মনোরম খেলা ইলু্যশনের। আর রিয়ালিটি _ বোতল ঝাঁকালে, লুফালুফি খেললে ছেলেমেয়েরা অথবা স্বামী-স্ত্রীর গাদাগাদিতে পাল্টাচ্ছে আমার পারসেপশন। ভ্রমণে আমি হীনমন্য হয়ে উঠি। ভাবি এর শেষ কোথায়! ঠাণ্ডা হাওয়ায়, শীতের স্রোতে শত শত মানুষের ভিতর আমিও চলেছি বোতল ভরা পানি হাতে, সাগরের তীরে। প্রাণ-ভোমরা ওই বোতল, তার ভিতর পানি আর হতহি্ববল আমার হৃদয়; চলো ওইখানে, ওই ঝাউয়ের ভিতর গুটি সুটি, মোটামুটি দূরত্বে অস্পৃশ্য হয়ে বসে থাকি। সব পানি খেয়ে নিলে, তাও আমি আষ্টেপৃষ্ঠে প্লাষ্টিকে জড়িয়ে রয়ে গেছি, বিদগ্ধ বাতাসের দোলা আমিও পেয়েছি, ভেজা কাপড়ও দোললো, দেখ প্রমাণ! হাইড এন্ড সিক। হাইড এন্ড সিক। তারপরও তো বেরিয়ে আসা একদিন, তখন চোখ ঘোলাটে, হৃদয় চটচটে, অভিজ্ঞতা হায়, সে তো ভোলার নয়!

No comments: