Wednesday, January 17, 2007

প্রতিটা দিনের সকাল

প্রতিটা দিনের সকাল

অনেকদিন পর শুনি, তোমার আবার বিয়ে হয়ে গেছে
সস্তা প্রেমের কবিতা লিখতে লিখতে আমার হাত প্রায় জুবুথুবু।
দেখি, তুমি ভোরের আকাশের নীল জামা গায়ে হেঁটে চলেছো
'দূরত্ব মহান' শ্ল্লোগান দিতে দিতে রিকশা চলে গেলো
বাতাস হামাগুড়ি দিচ্ছে শূন্য রাস্তার উপর আর আমিও
নুয়ে আসি তরুণ বৃক্ষটির কাছাকাছি, পাশে চা-ঘর, ওয়ার্কশপ....

দিন শুরু হলো, কল্পনার আগুন, সেও তো নিভলো না আর।

2.

তোমার জন্য যে ফুল, ফুটে ঝরে গেলো বসন্তে, শীতার্ত বাতাসে
তার ধ্বনি বাজে - নরোম, নিঃস্ব হয়ে যাওয়া পথের ওপর
সকালের রোদ এসে হানা দেয়, জানালার ওপাশে পৃথিবী
মনোরম আলোয় ভাসতে ভাসতে দু'জন মিস্ত্রি লোহার রড পেঁচাচ্ছে
রেডিও তে ৭ টা ৩০ শে'র সংবাদ; একটানা বেজে চলেছে শব্দ
মনে হচ্ছে , এমন কোথাও কিছুই ঘটেনি অথবা ঘটছেও না আজকাল আর।

No comments: