Sunday, January 21, 2007

রাত্রিবেলা

রাত্রিবেলা

চলেছি তোমার পথ পরিক্রমায়, আরো হারিয়ে যেতে
উত্তরের বাতাস এসে বলে, শীতকাল শুরু হলো
বাজছে রেডিওতে গান
ভাটিয়ালি কাঁদাচ্ছে শহরকে, পিছলে যাওয়া আলোর ভিতর নিয়নের
সমস্তই আবছা, নাকি কুয়াশা-ই শুরু হয়ে গেলো,
কেবল বিভ্রম;
(ফুঁ দিয়ে খেতে হবে এখন গরম শীতের পিঠা)
রাত্রি জাগলো, আরো বিসদৃশ্য হতে হতে ভাবনায়
জড়তা হলো মলিন,
তবে কি মুহ্যমান ঘুমের ভিতর আমি ধামাচাপা দেবো তোমাকে?
এসো ফাঁদ তৈরী করি,
আরেকটা মাছ ধরতে ধরতে বলি 'কি পেলব এই রাতের শরীর!'
গর্তে পড়ে গেলে সবাই চেঁচাচ্ছে
কে আর চুপ থাকে অথবা
নিরবতার দেয়ালে ছায়ারাও যে ভাষা তৈরি করে,
তাই গলিতে কুকুরটা রাত্রিবেলার সম্ভ্রম
ভয়ে ভয়ে তাকে এড়িয়ে চলছে টহল পুলিশ।

No comments: